মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (৮ মার্চ) সকালে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নারীর অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, হাকিমপুর, দিনাজপুর।
