মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ স্কাফ সিরাপ (ফেন্সিডিল সমজাতীয়) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহেরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, মাহেরপুর গ্রামের মো. রেজাউল ইসলাম রনি (৩০) ও শ্রী রতন রায় (২০)। পরে তাদেরকে উদ্ধারকৃত মাদকসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ ভোর ভোর ৫টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির টহল দল এবং র্যাবের যৌথ অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৮/১-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, পূর্ব বালান্দোর গ্রামের মো. তরিকুল ইসলাম (৩২) ও মো. রনি আহমেদ (২২)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
