বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল এলাকায় গভীর রাতে গোয়ালঘর থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শেখ হুমাউন কবির (৩৮) জানান, উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উৎকুল গ্রামে তার বসতবাড়ির উত্তর পাশের গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা ৩/৪ জন চোর ৪টি গরু বের করে একটি ১২/১৪ ফিটের মিনি ট্রাকে তুলে নেয়। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে ছিল ২ বছরের একটি কালো এঁড়ে গরু, ১ বছরের একটি লাল বকনা গরু, ৫ বছরের একটি লাল গাভী এবং ২ বছরের আরেকটি বকনা গরু।
তিনি বলেন, গরুগুলো গাড়িতে তোলার সময় একটি কালো এঁড়ে গরু ও একটি লাল বকনা গরু ছুটে বাড়ির ভেতরে ফিরে আসে। এসময় তিনি ও তার স্ত্রী গরুর দৌড়ানোর শব্দ পেয়ে বাইরে বের হয়ে চোর চোর বলে চিৎকার করলে চোরদের একজন অন্যদের উদ্দেশ্যে “গুলিকর, দা বের কর” বলে হুমকি দেয়। পরে অবশিষ্ট দুটি গরু নিয়ে গাড়িটি দ্রুত সিএন্ডবি বাজারের দিকে চলে যায়।
চুরি যাওয়া ২টি গরুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী। ঘটনার পর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু বা চোরদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
বাগেরহাটে গভীর রাতে গোয়ালঘর থেকে ২ গরু চুরি, ক্ষতি ১ লাখ ৭০ হাজার টাকা
