রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন— সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে যেতে বলেন। তবে সংশ্লিষ্ট পরিবারগুলোর সদস্যরা তার আহ্বানে সাড়া না দিয়ে অপর এক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট দিতে কেন্দ্রে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এর জের ধরে শনিবার সকালে আমিন উদ্দিন ও তার অনুসারীরা কয়েকটি বাড়িতে গিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে নারীসহ সাতজন গুরুতর আহত হন।
অভিযোগের বিষয়ে মো. আমিন উদ্দিন তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী বলেন, ঘটনায় জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। বিষয়টি জানার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
