ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়ছে চাপ।

সুমন শেখ, রাজবাড়ী!! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরছেন হাজারো মানুষ। একটানা চার দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
(১১ফেব্রুয়ারি ) বুধবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট ও এর আশপাশের এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। কর্মস্থল ছেড়ে ভোট দিতে বাড়ি ফেরার তাড়নায় কেউ কেউ পরিবারসহ, আবার কেউ একাই ব্যাগ ও সুটকেস হাতে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও লঞ্চঘাটে যাত্রী চাপ আরও বৃদ্ধি পায়।
ঘাট এলাকায় দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মরত শ্রমজীবী ও চাকরিজীবীরা ভোটের দিনকে সামনে রেখে আগেভাগেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা থেকে আসা যাত্রীরা জানান, ভোট দেওয়া নাগরিক দায়িত্ব—সে কারণেই ভোগান্তি হওয়া সত্ত্বেও বাড়ি ফিরছেন তারা।
তবে যাত্রাপথে কিছু ভোগান্তির অভিযোগও উঠেছে। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, সুযোগ বুঝে কিছু পরিবহনকর্মী নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছেন। বিশেষ করে বাস ও ছোট যানবাহনে এ ধরনের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের যানজট বা দীর্ঘ সময় ফেরি আটকে থাকার ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভোটকে কেন্দ্র করে ভোর থেকেই যাত্রী চাপ বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভোট উপলক্ষে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply