আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (০৮ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সদরে খাগড়াছড়ি সেক্টর ও ৩২ বিজিবির উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে খাগড়াছড়ি সদর এলাকার ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। এসময় রিজিয়ন কমান্ডার বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।” পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিজিবির এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
