রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব)-১২, সিরাজগঞ্জ।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক আহসান হাবীব এ তথ্য জানান।
উপ-অধিনায়ক আহসান হাবীব বলেন, নির্বাচনের আগ মুহূর্তে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে রোবাস্ট পেট্রোল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ মোড়ে টহল বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনন্দ চন্দ্র বর্মন, র্যাব-১২ সিরাজগঞ্জের এসআই রিফাত চন্দ্র রায়, এসআই খোকা সহ অন্যান্য কর্মকর্তা ও র্যব সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
র্যাব-১২ এর এই উদ্যোগের মাধ্যমে ভোটগ্রহণের আগ মুহূর্তেও রায়গঞ্জ–তাড়াশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং অপরাধীদের আইন শৃঙ্খলার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন সচেতন মহল।
