গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম
গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে গভীর রাতে একাধিক বসতঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাটাজোর ইউনিয়নের বছার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিদুল সরদার (পিতা: আলী সরদার) এর বসতঘরে চোরেরা শিং খুঁচে প্রবেশ করে। এ সময় ঘর থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র, স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পরনের কাপড় চুরি করে নিয়ে যায়।
এছাড়া একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেফায়েত নগর গ্রামের বাসিন্দা অরুন হাওলাদার (পিতা: কানাই হাওলাদার), সাগর হাওলাদার ও সু-কণ্ঠ হাওলাদারের বসতঘরেও একই কৌশলে চোরেরা প্রবেশ করে। প্রতিটি ঘরের মাটির পিরা কেটে (শিং খুঁচে) চুরি সংঘটিত করা হয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত চোর শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এই এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। তারা রাতে টহল জোরদারসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
