ভ্যান গাড়িতে চড়ে গ্রামের অলিগলি ও পায়ে হেঁটে ভোটারদের কাছে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ব্যতিক্রমধর্মী গণসংযোগের মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভ্যান গাড়িতে চড়ে এবং কোথাও কোথাও পায়ে হেঁটে গ্রামের অলিগলি ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি বিল্বগ্রাম, শরিফাবাদ, বাগার, ডিএসবি, ভিমেরপাড়, বেজহার, জঙ্গলপট্টি, সূর্যের বাড়ি ও মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল-এ ভোট প্রার্থনা করেন। ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর রাজনীতির শক্তি। মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করেই একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, সাধারণ মানুষের কাতারে এসে কথা বলাই ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের রাজনীতির মূল বৈশিষ্ট্য। জনগণের সমর্থন পেলে তিনি বরিশাল-১ আসনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।